প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 26, 2026 ইং
গোয়াইনঘাটে ‘তিতারাই মানবকল্যাণ প্রবাসী ফোরাম’-এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ডেক্স নিউজ :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তিতারাইয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘তিতারাই মানবকল্যাণ প্রবাসী ফোরাম’-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
‘এসো অন্যের হাত ধরি, দারিদ্র্য মুক্ত সমাজ গড়ি, এই মূলমন্ত্রকে সামনে রেখে ১লা এপ্রিল ২০২৬ ইং তারিখে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তাদের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই উপহার বিতরণের আয়োজন করে।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকাল ২টায় তিতারাই রাজধানী মার্কেটের সামনে উক্ত বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও কুয়েত প্রবাসী মুহিন-এর সভাপতিত্বে এবং হিমেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমএ মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি কালা মিয়া এবং বিশিষ্ট মুরব্বি আব্দুল হাসিম।
প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে এই মহতী উদ্যোগের পেছনে বিশেষ অবদান রেখেছেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন সুইট (কানাডা প্রবাসী), উপদেষ্টা জাহাঙ্গীর আলম (পর্তুগাল প্রবাসী), সহ-সভাপতি এনাম উদ্দিন (সৌদি আরব প্রবাসী), সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফাহিম (ফ্রান্স প্রবাসী), সদস্য সুমন আলী সিকদার (সৌদি আরব প্রবাসী), আনোয়ার হোসেন সুহেল (সৌদি আরব প্রবাসী)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও নিজ এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাসীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দারিদ্র্যমুক্ত ও মানবিক সমাজ গড়তে তিতারাই মানবকল্যাণ প্রবাসী ফোরাম আগামীতেও তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উপহার সামগ্রী বিতরণ শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬